আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারী ধলা গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় তাঁরা আহত হন। আহতদের মধ্যে সাতজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ছাড়া কয়েকজন উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হিন্দা গ্রামের রেজাউল হকের বাড়িতে একটি শিয়াল প্রবেশ করে। এ সময় রেজাউল হকের স্ত্রী আমিরন খাতুন শিয়ালটিকে বাড়ি থেকে তাড়াতে গেলে সেটি তাঁর হাতে কামড় দেয়। মাকে রক্ষা করতে তাঁর মেয়ে আরশুনা এগিয়ে এলে শিয়ালটি তাকেও কামড় দেয়। পরে শিয়ালটি বাড়ি থেকে বের হয়ে আশপাশে যাদের সামনে পেয়েছে, তাদের ওপর আক্রমণ করে। এতে ওই গ্রামের অন্তত ১২ জন আহত হন।
হিন্দা গ্রামে আহতদের মধ্যে রয়েছেন মুতার মণ্ডলের মেয়ে বাছিরন (৭৫), লুৎফর হোসেনের মেয়ে শিউলী খাতুন (৪৮), রেজাউল হকের স্ত্রী আমিরন খাতুন (৫০), রেজাউলের মেয়ে আরশুনা (৩০), আব্বাসের ছেলে নুর মোহাম্মদ (১৮) এবং জেরিন (১৬)। এ ছাড়া একই গ্রামের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় মাইলমারী ধলা গ্রামেও শিয়ালের কামড়ে দুজন আহত হন। তারা হলেন নুরুল ইসলামের ছেলে বিএনপি নেতা জাফর এবং গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক (৪৫)।
বিএনপি নেতা জাফর বলেন, মাইলমারী বিলের ধারে আমরা তিনজন বসে গল্প করছিলাম। এ সময় মাঠের দিক থেকে হঠাৎ একটি শিয়াল আমাদের কাছে চলে আসে। পেছনে তাকিয়ে দেখি, শিয়ালটি আমার পাশে দাড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সেটি আমাকে আক্রমণ করে। এবং মুখে কামড় দেয়। আমাকে রক্ষা করতে গিয়ে আব্দুল খালেকও শিয়ালের কামড়ে আহত হন।
হিন্দা গ্রামের আহত আমিরন খাতুন বলেন, বাড়ির মধ্যে হঠাৎ একটি শিয়াল ঢুকে পড়ে। সেটিকে তাড়াতে গেলে শিয়ালটি আমার হাতে কামড় দেয়। পরে আমার মেয়ে এগিয়ে এলে তাকেও কামড়ায়। এরপর শিয়ালটি বাড়ি থেকে বের হয়ে সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল রানা জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া আহত ব্যক্তিদের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
এ ঘটনায় দুটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে মাঠের মধ্য থেকে একটি শেয়াল লোকালয়ে প্রবেশ করে। এ সময় সামনে যাঁদের পেয়েছে, তাঁদের একের পর এক কামড়ে আহত করে শেয়ালটি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
