আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়নে রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশক্রমে এবং চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইলিয়াছের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ,এই স্লোগানকে সামনে রেখে টুমচর মাইন উদ্দিন সমাজ জুনিয়র দাখিল মাদ্রাসায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একতা ব্লাড ডোনেট সোশ্যাল অর্গানাইজেশন।ক্যাম্পে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের উৎসাহিত করা হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মো. ইলিয়াছ খান বলেন,শুধু রক্তদান নয়, সমাজের যেকোনো উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই।তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলেও অন্যদের মতো সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাব না। মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। আমার চেষ্টা থাকবে ৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে রামগতিতে পরিচিত করে তোলা।
