সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত (৩৮) নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গতকাল রাতে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আক্কাস সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্তর বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
