আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা সদর আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহচর ও আমেরিকা প্রবাসী গোলাম মোর্শেদ সহযোগিতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান হৃদয়, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহে আলম, বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান সহচরের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আল ফারাবী, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন এবং পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও স্কাউট কমিশনার আবু সায়েদ।
আয়োজক সূত্রে জানা যায়, রামগতি ও কমলনগর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করেন।
