ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে কওমি মাদ্রাসার বাথরুম থকে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। জড়িত সন্দেহে এক সহপাঠী পুলিশ হেফাজতে। আটক মাদ্রাসার পরিচালক ।

Mahamudul Hasan Babu
November 15, 2026 9:10 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরল পৌরশহরে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাফায়েত হোসেন দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে এবং বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ নামের একটি কওমি মাদ্রার ১ম শ্রেনীর আবাসিক ছাত্র।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মামুন (১২) নামে এক শিক্ষার্থী হেফাজতে নেয়াসহ ওই মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ মোকাররম হোসেনকে (৩৮) আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ হেফাজতে নেয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসা পরিচালকের আপন শ্যলক। সে মাদ্রাসায় আবাসিকে থেকে পড়া লেখা করতো। সে বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের সাহা পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং আটক মাদ্রাসা পরিচালক বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১৪ নভেম্বর) দিবগত রাত পৌনে ৮টার দিকে ওই মাদ্রার একটি বাথরুম থেকে শিশু শিক্ষার্থী শাফায়েত হোসেনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর জেলা পুলিশের এএসপি (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান জানান, এ ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর পিতা সোলেমান আলী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে মাদ্রাসাতুস সুন্নাহ-এর পরিচালক হাফেজ মোঃ মোকাররম হোসেনকে আটক করেছি এবং ওই মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে হেফাজতে নিয়েছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু শাফায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের সার্থে সব কিছু বলা সম্ভব হচ্ছে না।

এদিকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তান হারানোর বেদনায় বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে ।