ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন, কেরোসিনের বোতল উদ্ধার

Mahamudul Hasan Babu
November 15, 2026 9:16 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকারে ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের কাচের জানালা খুলে ভেতরে কেরোসিন ছিটিয়ে চেয়ার ও টেবিলের ওপর আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে যায়। টেবিলের ওপর মোটা কাচ থাকায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় কার্যালয়ের নৈশপ্রহরী ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন।

রোববার সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নৈশপ্রহরী ফজলুর রহমান। পরে তিনি উপজেলা প্রকৌশলী, হিসাব শাখার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ের হিসাব শাখার পেছনের জানালা খুলে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমতলী থানাকে জানানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এর আগেই প্রতিটি দপ্তরের প্রধানদের ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।