ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাঁচক্যাঁচ শব্দে মুখর মেঠোপথ এখন নীরব হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও গাড়িয়াল পেশা

Mahamudul Hasan Babu
November 28, 2026 12:58 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : একসময় গ্রামবাংলার আঁকাবাঁকা মেঠোপথ মুখর থাকত গরুর গাড়ির চাকার ক্যাঁচক্যাঁচ শব্দে। কৃষকের মাঠের ফসল বাড়িতে আনা, কৃষিকাজের উপকরণ বহন, মানুষের যাতায়াত, এমনকি বিয়ের আনন্দ আয়োজনেও ছিল গরুর গাড়ির ব্যাপক ব্যবহার। গ্রামীণ জনপদের জীবনযাত্রার সঙ্গে নিবরভাবে জড়িয়ে ছিল এই ঐতিহ্যবাহী বাহন ও গাড়িয়াল পেশা। কিন্তু আধুনিকতার যান্ত্রিক ছোঁয়া, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দ্রুতগতির যানবাহনের প্রসারে আজ সেই পরিচিত দৃশ্য প্রায় হারিয়ে গেছে। গরুর গাড়ির প্রচলন কমে যাওয়ার পাশাপাশি বিলুপ্তির পথে চলে যাচ্ছে কয়েক প্রজন্মের ঐতিহ্যবাহী গাড়িয়াল পেশা। দেশের গ্রামীণ জনপদের বিভিন্ন উপজেলায় একসময় গরুর গাড়ির ব্যাপক প্রচলন ও কদর ছিল। বিশেষ করে উত্তরাঞ্চলের জনপদে কৃষিপণ্য ও মানুষ পরিবহনের অন্যতম জনপ্রিয় বাহন ছিল দুই চাকার গরুর গাড়ি। গরুর গাড়ি সাধারণত একটি অক্ষের সঙ্গে যুক্ত দুটি চাকার ওপর নির্মিত হতো। গাড়ির সামনের দিকে জোয়ালের সঙ্গে দুটি গরু বা বলদ জুড়ে দেওয়া হতো। তাদের টানেই চলত এই বাহন। একসময় কৃষকের দৈনন্দিন জীবনযাত্রায় গরুর গাড়ি ছিল অপরিহার্য। ভোরের আলো ফোটার আগেই কৃষকেরা গাড়িতে গোবরের সার, গরুর খাবার, লাঙল, মই, জোয়ালসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ নিয়ে মাঠে যেতেন। আবার মাঠের ফসল ঘরে তোলার সময়ও গরুর গাড়িই ছিল তাঁদের অন্যতম ভরসা। শুধু কৃষিকাজেই নয়, গ্রামীণ সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও গরুর গাড়ির ছিল বিশেষ গুরুত্ব। দুই যুগ আগেও অনেক এলাকায় বিয়ের অনুষ্ঠানে গরুর গাড়ির ব্যবহার ছিল প্রচলিত রীতি। বিয়েবাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের যাতায়াতের জন্য ১০-১২টি গরুর গাড়ি ছাউনি বা টাপর দিয়ে সাজানো হতো। এসব গাড়িতে চড়ে বরযাত্রী ও ডুলিবিবিরা শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়িতে যাতায়াত করতেন। গাড়ির ছাউনি সাজানো, রঙিন কাগজ লাগানো এবং পথে পটকা ফোটানোর মধ্য দিয়ে বিয়ের আনন্দ-উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠত। বিয়ে কিংবা অন্য কোনো সামাজিক উৎসবে গরুর গাড়ি ছাড়া যেন আয়োজন পূর্ণতা পেত না। গরুর গাড়িকে ঘিরে বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতিতেও রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। কবি-সাহিত্যিকেরা তাঁদের লেখায় তুলে ধরেছেন গরুর গাড়ি ও গাড়িয়াল জীবনের নানা চিত্র। শিল্পীরা গেয়েছেন অসংখ্য ভাওয়াইয়া গান। এসব গানের মধ্যে অন্যতম জনপ্রিয় গান- ‘ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে’। এই গানের সুরে আজও ফুটে ওঠে গ্রামবাংলার মেঠোপথ, বিরহ, অপেক্ষা ও গাড়িয়াল জীবনের নানা অনুভূতি। গরুর গাড়ি শুধু একটি পরিবহন বাহন ছিল না, এটি ছিল বাঙালির লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় হারিয়ে গেছে। বর্তমানে ট্রাক, ট্রাক্টর, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমন, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন আধুনিক যানবাহন গ্রামীণ পরিবহনব্যবস্থার জায়গা দখল করেছে। দ্রুত চলাচল, অধিক মালামাল পরিবহন এবং সহজলভ্যতার কারণে মানুষ এখন এসব যানবাহনের ওপর বেশি নির্ভরশীল। ফলে গরুর গাড়ির প্রয়োজনীয়তা দিন দিন কমে যাচ্ছে। মাঝেমধ্যে প্রত্যন্ত এলাকার কোনো কোনো মেঠোপথে দু-একটি গরুর গাড়ি চোখে পড়লেও অধিকাংশই জরাজীর্ণ কিংবা ব্যবহারহীন অবস্থায় রয়েছে। শহরাঞ্চলে তো প্রায় দেখাই যায় না এই ঐতিহ্যবাহী বাহন। একসময় অনেক পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল গরুর গাড়ি। যেসব পরিবারের গরুর গাড়ি ছিল, গ্রামীণ সমাজে তাদের আলাদা কদরও ছিল। গাড়িয়ালরা শুধু মালামাল পরিবহন করতেন না, তাঁরা কৃষকের সুখ-দুঃখ ও গ্রামীণ জীবনযাত্রার সঙ্গেও জড়িয়ে ছিলেন। কিন্তু এখন গরুর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহের সুযোগ প্রায় নেই বললেই চলে। ফলে এই পেশার সঙ্গে যুক্ত অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন। গরুর গাড়ির অন্যতম বৈশিষ্ট্য ছিল এর পরিবেশবান্ধব ব্যবহার। এতে তেল, গ্যাস কিংবা বিদ্যুতের প্রয়োজন হতো না। ফলে জ্বালানি পোড়ানোর ধোঁয়া ও শব্দদূষণের সৃষ্টি হতো না। কৃষিপণ্য পরিবহনে এটি ছিল তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি বাহন। ধীরগতিতে চললেও গ্রামীণ যোগাযোগ ও কৃষিকাজে এর অবদান ছিল গুরুত্বপূর্ণ। আধুনিক পরিবহনব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও পরিবেশবান্ধব এই বাহনের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।
গ্রামের বয়স্ক গাড়িয়াল শহিদুল ইসলাম পল্লব বলেন, গরুর গাড়ির বাহক গরুর একটা ধর্ম আছে যে, গরু কখনো তার মালিক (গাড়িয়াল) কে ফেলে চলে যায় না। আগে তাঁদের বাপ-দাদারা গরুর গাড়ি চালিয়ে সংসার চালাতেন। তখন গ্রামাঞ্চলে গরুর গাড়ির ব্যাপক কদর ছিল। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে মানুষের যাতায়াতেও এর ব্যবহার ছিল। কিন্তু এখন আর কেউ গরুর গাড়িতে চলাচল করতে চান না। তাই গাড়িয়ালদের অনেকেই অটোভ্যান ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। যান্ত্রিক সভ্যতার প্রসারে গরুর গাড়ি ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাঁদের মতে, বাংলা ও বাঙালির ঐতিহ্য ধরে রাখতে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও গাড়িয়াল পেশা টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পরিশেষে বলা যায়, বর্তমানে নতুন প্রজন্মের অনেক শিশু-কিশোর গরুর গাড়ি সরাসরি দেখার সুযোগ পাচ্ছে না। শহরের ছেলেমেয়েদের কথা বাদ দিলেও গ্রামের অনেক শিশুর কাছে গরুর গাড়ি এখন অপরিচিত বাহন। একসময় যে বাহন ছিল মানুষের নিত্যদিনের চলাচল ও কৃষিকাজের সঙ্গী, তা এখন অনেকের কাছে কেবল গল্প, ছবি কিংবা বইয়ের পাতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরুর গাড়ির সঙ্গে হারিয়ে যাচ্ছে গাড়িয়ালদের অভিজ্ঞতা, গ্রামীণ জীবনযাত্রার নানা স্মৃতি এবং লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের প্রয়োজনে আধুনিক যানবাহনের ব্যবহার বাড়বে, প্রযুক্তির উন্নয়নও অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক। তবে আধুনিকতার অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিস্মৃত হওয়া উচিত নয়। গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী উৎসব ও পর্যটনকেন্দ্রে গরুর গাড়ির প্রদর্শন এবং সীমিত পরিসরে ঐতিহ্যবাহী বাহন হিসেবে এর ব্যবহার চালু রাখার উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে গরুর গাড়ি ও গাড়িয়াল পেশার ইতিহাস তুলে ধরা প্রয়োজন। গ্রামবাংলার মেঠোপথে হয়তো আর আগের মতো শোনা যাবে না গরুর গাড়ির চাকার সেই পরিচিত ক্যাঁচক্যাঁচ শব্দ। হয়তো আর দেখা যাবে না বিয়ের সাজে সারি সারি গরুর গাড়ির আনন্দমুখর যাত্রা। তবুও বাংলার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিতে গরুর গাড়ি ও গাড়িয়াল পেশার স্মৃতি অমলিন হয়ে থাকবে। কারণ গরুর গাড়ি কেবল একটি বাহন ছিল না, এটি ছিল কৃষকের জীবিকা, গ্রামীণ অর্থনীতির সহায়ক এবং বাঙালির ঐতিহ্যবাহী জীবনযাত্রার এক জীবন্ত প্রতীক।