নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ১৪নং কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সন্তোষ কুমার সরকার। ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা, উন্নয়ন ও একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি নিজের নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন।
সন্তোষ কুমার সরকার বলেন, চেয়ারম্যান হওয়ার আকাঙ্ক্ষা ক্ষমতা ভোগের জন্য নয়, বরং মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে দায়িত্ব পালন করার জন্য। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতা থেকেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তার ঘোষিত নির্বাচনী পরিকল্পনায় রয়েছে—দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা, সরকারি সুযোগ-সুবিধা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং কোনো ধরনের দালাল বা হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এ ছাড়া ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠন এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান, খেলাধুলা ও সুস্থ পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কৃষক, শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সন্তোষ কুমার সরকার বলেন, একজন জনপ্রতিনিধি শুধু পরিষদের অফিসে বসে দায়িত্ব পালন করবেন না, বরং মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন এবং মানুষের কাছে গিয়ে সমস্যার সমাধানে উদ্যোগী হবেন।
চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে ১৪নং কয়ড়া ইউনিয়নকে একটি উন্নয়নমুখী, জনবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সন্তোষ কুমার সরকার আরও বলেন, মানুষের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভালো কাজগুলোকে সহযোগিতা করে সবাই মিলে ইউনিয়নের উন্নয়নে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা ও ভালোবাসাই তার পথচলার মূল শক্তি বলে উল্লেখ করেন এই তরুণ নেতা।
