বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন।
বিষয়টি সোমবার রাতে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ এপ্রিল জেরিনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময় তার ডায়রিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ার মতো জটিলতাও ছিল। মৃত্যুর পর শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জেলায় এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে, আর অন্য চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এদিকে বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩১ জন শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
