লামা উপজেলা প্রতিনিধি : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহবায়ক মোঃ নাজমুল হাসান, লামা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফকরুজজামান, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, মৎস্যচাষী, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লামার পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আমিষের চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এ জন্য আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মৎস্য চাষে তরুণদের সম্পৃক্ত করা গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে অবদান রাখা সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান মৎস্যচাষী, মৎস্যজীবী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
