মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি মিনি কাভার্ডভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আল আমিন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর কাভার্ডভ্যানের ক্ষতিগ্রস্ত অংশ কেটে আল আমিনকে বের করে আনা হয়। তবে ততক্ষণে তিনি মারা যান।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। পরে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল জানান, নিহত আল আমিন শিকদারের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়। দুর্ঘটনার পর অপর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে গেছে। সেটি শনাক্ত এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অপর গাড়িটির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
