ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ৩ শিক্ষিকা ও ২ চালক আহত।

Mahamudul Hasan Babu
August 16, 2026 9:07 am
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন শিক্ষিকা ও ২ জন চালক আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-ইশ্বর বড়ুয়া সড়কের ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষিকারা হলেন—পশ্চিম পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুনফাতেহাজ্জাহান (ঝরনা), ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) এবং মধ্য পাথরডুবি প্রগতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফেরদৌস আরা বেগম। আহত অটোরিকশা চালক দুজন হলেন পাথরডুবি মইদাম এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ আজিজুল হক এবং গোপালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষিকারা ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে একটি অটোরিকশায় করে নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্বপার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি খালি অটোরিকশার সাথে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে যাত্রী ও চালকরা ছিটকে পড়েন। কেউবা গাড়ির বডির সাথে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন দুই চালক মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষিকাদের মধ্যে একজন (শিক্ষিকা মৌসুমি) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও দুজন সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমান তাঁদের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনেরা। আহত শিক্ষিকা ও চালকদের দ্রুত সুস্থতার জন্য পরিবার এবং উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।