মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ অভিযোগ (জিডি) করেছেন রাসেল রানা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে একটি কবিতা প্রকাশ করেন। এর পরদিন, ১৫ আগস্ট দিশান মির্জা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাসেল রানাকে উদ্দেশ করে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে রাসেল রানার প্রকাশিত কবিতা নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাকে উদ্দেশ করে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। পোস্টের একপর্যায়ে দলের নেতাকর্মীদের নিয়ে কেউ কথা বললে তাদের ‘অবস্থান নিশ্চিত করতে দু’বার ভাববে না’—এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রাসেল রানার দাবি, ফেসবুক পোস্টটির ভাষা তাকে হুমকি দেওয়ার শামিল। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
রাসেল রানা বলেন, “আমার লেখা একটি কবিতাকে কেন্দ্র করে ফেসবুকে আমাকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”
তবে দিশান মির্জার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ফেসবুক পোস্টটি হুমকির উদ্দেশ্যে করা হয়েছে কি না এবং অভিযোগের অন্যান্য বিষয়ের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
