নাটোর প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে অধিক স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। যোগ্য, সৎ, শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে একটি স্বচ্ছ নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। আমরা চেষ্টা করব স্থানীয় সরকারের কার্যক্রমকে শতভাগ সক্রিয় করতে। যোগ্য, ভালো ও শিক্ষিত—যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন, এমন মানুষদের দিয়েই যাতে স্থানীয় সরকার পরিচালিত হয়, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার—এ কথা দেশের মানুষ জানে, বিশ্বাস করে এবং সরকারের প্রতি আস্থা অর্জন করতে শুরু করেছে। তবে জনগণের প্রত্যাশার অনেক কিছু এখনো পূরণ করা সম্ভব হয়নি। এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট অন্যতম।
প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশকে গ্যাস, বিদ্যুৎ ও তেলের ক্ষেত্রে পরনির্ভরশীল করে রাখা হয়েছে। এসব খাতে যাতে আমাদের অন্যের দিকে তাকিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেই বর্তমান সরকার সমস্যাগুলোর স্থায়ী সমাধানের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, সমস্যা থেকে সমাধানে পৌঁছানোর মধ্যবর্তী সময়টুকুতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টের বিষয়টি সরকারও উপলব্ধি করছে।
ফারজানা শারমিন পুতুল বলেন, “এই কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের কথা শুনছি। জনগণের সমস্যা সমাধানে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নাটোরের পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন নাসিমসহ জামায়াত, এনসিপির নেতাকর্মী এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
