মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে রাফি আকন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।..
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া নিজ বাড়ির পেছনের ওই খাল থেকে রাফির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরে পরিবার ও স্থানীয়রা মিলে পুরো এলাকা খুঁজেও রাফিকে না পাওয়ায় পরেরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের পরিবার। নিহত রাফি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মো: জসিম আকনের ছেলে ও আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন,শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়ার একটি খাল থেকে শিশু রাফির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে খালে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ সুপার।
