নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক অভিযানে ৪০০ ইয়াবা ও ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক কেনাবেচা ও পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। লালপুর থানার এসআই আল মাসুমের নেতৃত্বে অভিযানে মো. নাজমুল হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নাজমুল উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের ইব্রাহীম হোসেন ও নাজমা বেগমের ছেলে।
এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় রনি আহম্মেদ (২৯) নামে আরেকজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মাধবপুর গ্রামের একটি চা-স্টলের সামনে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রনি আহম্মেদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রনি উপজেলার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুলের ছেলে।
এ ঘটনায় রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক)/৩৮ ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, রনি আহম্মেদের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অন্যটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলা।
লালপুর থানা ওসি শরিফুল ইসলাম পলাস বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কেনাবেচা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
