ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Mahamudul Hasan Babu
September 19, 2026 1:58 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি;নাটোরের গুরুদাসপুরে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ময়লালের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
আহতদের মধ্যে সাইফুলের পক্ষের সাইদুল (৫৪), রমিজুল (৩৮), রফিক (৪৫), হাকিম (৩৮) ও বাবুলাল (৩৯) রয়েছেন। অপর পক্ষের ময়লাল (৫৫), সোহেল রানা (৩০), শরীফা (৪৫), সুলতান (৪০), জাহানারা (৪০) ও ডাবলু (৩৫) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ও ময়লালের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে ময়লাল বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়ার কাজ শুরু করলে সাইফুল সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
সাইফুলের দাবি, মামলা চলমান থাকা জমিতে ময়লাল লোকজন নিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে তার ওপর হামলা চালানো হয়। পরে ময়লালের লোকজন তার বাড়ির দিকে গেলে তারা প্রতিহত করার চেষ্টা করেন।
অন্যদিকে ময়লালের ছেলে সোহেল রানা দাবি করেন, আদালতের রায়ে দখলে থাকা জমিতে তার বাবা বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় সাইফুলের লোকজন তার বাবার ওপর হামলা করে। পরে সংঘর্ষে তিনিসহ তার বাবা আহত হন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।