রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন ও তাঁর ছোট ভাই লাবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আইনজীবীর অভিযোগ, কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। এর জেরে তাকে ও তার ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন জানান, তাকে ও তার ছোট ভাই লাবুকে একটি সংঘবদ্ধ চক্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শনিবার ভূঞাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার ফরিদ, মুসলেম, নিজাম, নুরুদ্দিনের ছেলে রাকিবসহ কয়েকজন সাথে সামান্য ভুল বুঝাবুঝি থেকে এ ঘটনার সূত্রপাত।
স্থানীয় সূত্রের দাবি, কুখ্যাত ডাকাতি মার্ডার মামলার আসামী মোসলেম উদ্দিন বর্তমানে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বটতলী স্টেশন এলাকায় বসবাস করেন। তারা বিভিন্ন এলাকায় নানান ধরনের অপরাধের সাথে জড়িত। তার সাহসে এসমস্ত অপরাধ সংগঠিত করছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার মামলা নম্বর ২১, তারিখ ৮ মে ২০১৪ এবং কোতোয়ালি থানার মামলা নম্বর ৯-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে মোসলেম পলাতক থাকায় এসব মামলার বর্তমান অবস্থা ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট থানার নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া যায়নি। ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
আইনজীবী আরিফ হোসেন বলেন, আমাকে ও আমার ছোট ভাই লাবুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনায় এলাকায় শান্তি স্থাপন ও আইনজীবী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
