আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জুয়েল হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত মধ্যরাতে গাড়াডোব এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশোধনাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার স্কুল বন্ধ থাকায় শিশুটি চৌগাছা এলাকার একটি পুকুরে মাছ ধরা দেখতে যায়। সেখানে জুয়েল হোসেন মাছ ধরছিলেন। শিশুটিকে দেখে তিনি তাকে ডাকেন এবং পাশের আমবাগানে গেলে সেদিন যত মাছ ধরবেন, সব মাছ তাকে দিয়ে দেওয়ার কথা বলেন। পরে শিশুটিকে আমবাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার কাছে বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায়। পরে স্বজনরা তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে। এজাহারে অভিযুক্তের বয়স ১৯ বছর উল্লেখ করা হলেও জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৬ বছর। তাকে সংশোধনাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অভিযোগ স্বীকার করেনি। অভিযুক্তের বিরুদ্ধে বখাটেপনার অভিযোগ রয়েছে। আগামীকাল ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হবে।
