ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ

Mahamudul Hasan Babu
September 23, 2026 2:39 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে সরকারি অর্পিত (ভিপি) জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক রাসেল রানাকে আসামি করার বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন মামলার বাদী নিহতের ভাই রিফাত হোসেন। একই সঙ্গে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেনও তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছেন।
মামলার বাদী রিফাত হোসেন দাবি করেন, তাকে উদ্ধৃত করে প্রকাশিত আগের সংবাদে কিছু তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, এ পর্যন্ত কোনো সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেননি। তার দাবি, মামলার সব আসামিকে তিনি জেনে-বুঝেই আসামি করেছেন এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘর্ষ ও তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন।
সাংবাদিক রাসেল রানার বিষয়ে রিফাত হোসেন বলেন, রাসেল রানা আসামিদের আত্মীয়। তার অভিযোগ, বিভিন্ন সময়ে রাসেল রানা তাদের মারধরে উৎসাহ দিয়েছেন এবং থানায় তাদের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগের বিষয়ে আসামিপক্ষকে সহযোগিতা করেছেন। এসব কারণেই তাকে মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
চেয়ারম্যান আল এমরান হোসেনের বিষয়ে রিফাত বলেন, তাদের এলাকার চেয়ারম্যান ওই সংঘর্ষের ঘটনায় কোনোভাবেই জড়িত নন। মামলায় কাউকে আসামি করার বিষয়ে চেয়ারম্যান তার ওপর কোনো ধরনের প্রভাব বা প্ররোচনা দেননি বলেও দাবি করেন তিনি। এমনকি মামলার বিষয়ে চেয়ারম্যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কোনো কথা বলেননি বলেও জানান রিফাত।
নিহতের বাবা বলেন, তার ছেলেকে মারধর করে হত্যা করা হয়েছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বৃদ্ধ বাবাকেও মারধর করা হয় এবং মাথায় হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা, কাউকে বাদ দেওয়া কিংবা মামলা নিয়ে কোনো ধরনের সুপারিশের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের মাধ্যমে তার জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।
ভিডব্লিউবি প্রকল্পের তালিকা নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রসঙ্গেও চেয়ারম্যান আল এমরান হোসেন তার অবস্থান তুলে ধরেন। তার দাবি, ওই সময় তিনি হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা ভিডব্লিউবি প্রকল্পের তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন। তাই ওই তালিকা তৈরিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
চেয়ারম্যান বলেন, ভিডব্লিউবি প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ এবং হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভূবন এলাকায় ভিপি জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত মাসুদ রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মারা যান। পরে ১৬ সেপ্টেম্বর রাতে নিহতের ভাই রিফাত হোসেন বদলগাছী থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সাংবাদিক রাসেল রানাকেও আসামি করা হয়েছে।
বিষয়টি নিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বাদী এজাহার দাখিল করার পর মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।