রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর শহরের বানাকুড়া মোড়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
বুধবার (২৩সেপ্টেম্বর) রাত ৮টায় বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন ব্যবসায়ী শুভ।
তিনি জানান,২০ সেপ্টেম্বর এক আত্মীয় মারা যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের বাড়িতে যান। এ সময় বানাকুড়া মোড়ের বাসাটি ফাঁকা ছিল।
বুধবার রাত ৮টায় বাড়িতে ফিরে তিনি দেখতে পান,ঘরের গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান।
শুভর ভাষ্য অনুযায়ী,চোরেরা আলমারি ও ড্রয়ার ভেঙে এক জোড়া স্বর্ণের হাতের নালা, তিনটি আংটি, দুই জোড়া নুপুর, একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে। তবে নগদ কত টাকা চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান,জামালপুর শহরের বিভিন্ন মহল্লায় সাম্প্রতিক সময়ে বিচার দম্পত্তির বাড়িসহ বিভিন্ন বাসাবাড়িতে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে বাসাবাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা হানা দিচ্ছে। এতে শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
অভিযোগ রয়েছে,একের পর এক চুরির ঘটনা ঘটলেও চুরির উপদ্রব ঠেকাতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়মিত টহল জোরদার,চোরচক্র শনাক্ত ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ এই চুরির ঘটনায় ব্যবসায়ী শুভর পরিবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
