এস এম জহিরুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:‘কেটে টুকরো করে ফেলব’—এমন হুমকি, সঙ্গে দলবল নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ। গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোঃ আলামিনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেনের ইন্ধন ও সহযোগিতায় সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কয়েকদিন আগে শাহাদাত দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আলামিন। তিনি ‘আমিন ফিড’-এর ব্যবস্থাপনা পরিচালক।
আলামিনের অভিযোগ, শাহাদাত তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
