আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সীরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আলেকজান্ডার কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ওলামা বিভাগ রামগতি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহীম খলীলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ধর্মীয় আলোচক মাওলানা মো. ইসমাইল হোসেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির ও ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহিম, চরসীতা কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, আয়কর আইনজীবী সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিক উল্যাহ এবং ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম।
সভায় বক্তারা সম্প্রতি সরকারের পাস করা হেবা আইন নিয়ে সমালোচনা করেন। তারা আইনটিকে কোরআনবিরোধী বলে দাবি করেন এবং তা বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলা হলেও ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তারা মনে করেন। তাদের দাবি, মদিনা সনদ সম্পর্কে যাদের ধারণা নেই, তারাই জনগণের কাছে এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ বর্তমানে সংসদে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আইন পাস করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ সময় বক্তারা সরকারের কাছে কথিত কোরআনবিরোধী আইন বাতিলের দাবি জানান।
