এস এম জহিরুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমি জবরদখলের চেষ্টার পাশাপাশি স্থাপনা নির্মাণ করতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আইন উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন জমির দাবিদার মো. হুমায়ূন রশিদ। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি মৌজার তালতলী (মুরগি বাজার) এলাকায় ৮ দশমিক ৭৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। হুমায়ূন রশিদের দাবি, ১৯৯৩ সালের রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে তার বাবা আব্দুল খালেক জমিটির মালিকানা লাভ করেন। পরে উত্তরাধিকার সূত্রে তারা মালিক হয়ে নামজারি ও খাজনা পরিশোধ করে জমি ভোগদখল করে আসছেন।
হুমায়ূন রশিদের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আইন উদ্দিন, তার দুই ছেলে আলমাছ উদ্দিন ও সবুজ মিয়াসহ কয়েকজন দা, লোহার রড ও শাবল নিয়ে জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। স্থানীয়দের বাধার মুখে তারা সরে যান। এ সময় জমিতে স্থাপনা নির্মাণ করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে, অন্যথায় মারধর ও মিথ্যা মামলায় হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের কয়েকজনের দাবি, জমির বিরোধ মীমাংসায় একাধিকবার সালিশ ও মাপজোকের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। এদিকে আইন উদ্দিনের বিরুদ্ধে এর আগেও স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে বলে দাবি করেন এলাকাবাসীর কয়েকজন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে আইন উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি ওই জমিতে নিজের অংশ রয়েছে বলে দাবি করেন। তবে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।
হুমায়ূন রশিদ বলেন, “আমার পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা চলছে। ৫ লাখ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হয়েছে। আমি পরিবারের নিরাপত্তা ও জমির সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
