জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত অবহেলিত ও তীব্র নদীভাঙন প্রবণ সাপধরী ইউনিয়ন পরিষদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আর এই পরিবর্তনের দৌড়ে মানুষের প্রিয়মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও নির্লোভ ব্যক্তিত্ব মোঃ রমিজ উদ্দিন প্রামাণিক। দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে চরম বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে সর্ব সাধারণের হৃদয়ে গভীর আস্থা ও ভালোবাসার স্থান গড়ে নিয়েছেন তিনি।
স্থানীয়দের সূত্রে জানা যায়,যমুনার করাল গ্রাসে প্রতি বছর সাপধরী ইউনিয়নের শত শত পরিবার ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়। দুর্বিষহ এই দিনগুলোতে সরকারি বা বেসরকারি অনুদানের অপেক্ষা না করেই মোঃ রমিজ উদ্দিন প্রামাণিক নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাদ্য,বস্ত্র,নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা নিয়ে হাজির হয়েছেন। তাঁর এই নিরবচ্ছিন্ন মানবিক উদ্যোগ সর্বমহলে দারুণ প্রশংসিত হয়েছে।
এলাকার সাধারণ ভোটাররা জানান,সততা, সুশিক্ষা এবং স্পষ্টভাষী মানসিকতার কারণে রমিজ প্রামাণিক অন্য প্রার্থীদের চেয়ে সম্পূর্ণ আলাদা। কোনো ব্যক্তিস্বার্থ বা পদ-পদবীর মোহে নয়,বরং অবহেলিত এই চরাঞ্চলকে একটি আধুনিক,দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী মডেল ইউনিয়নে রূপান্তর করতেই এলাকাবাসীর দাবিতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
নিজের নির্বাচনী পরিকল্পনা ও সামাজিক কাজের বিষয়ে মোঃ রমিজ উদ্দিন প্রামাণিক বলেন, সাপধরীর নদীভাঙনকবলিত মেহনতী মানুষের দুঃখ-কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তারা ক্ষমতার দাপট চায় না, চায় মানবিক সহানুভূতি ও সুশাসন। রাজনৈতিক ফায়দা লুটতে নয়, জীবনভোর তাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। চরাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে আমি সবার দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাপধরীবাসী যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে হিংসা-বিদ্বেষ ও দুর্নীতিমুক্ত একটি শিক্ষাবান্ধব আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। অবহেলিত জনপদের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাপধরীর চরাঞ্চলে এখন জল্পনা-কল্পনার অন্ত নেই।
ভোটারদের ভাষ্য-পরীক্ষিত ও জনদরদী নেতা রমিজ প্রামাণিক জয়ী হলে এই ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলা, দুর্ভোগ ও ভাঙন-যন্ত্রণা অবসান ঘটবে বলে তারা বিশ্বাস করেন।
