সবুজ হোসেন, নওগাঁ:রবিশস্যের উৎপাদন বাড়াতে এবং প্রান্তিক কৃষকদের কৃষি কাজে সহায়তা দিতে নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং সরিষা বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল ইসলাম।
সরকারি কৃষি সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের সার ও রবিশস্যের বীজ। কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদের খরচ কমানো এবং কৃষকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ।
বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী কৃষকরা। তাঁদের মতে, এ সহায়তা রবি মৌসুমে চাষাবাদের ব্যয় কিছুটা কমানোর পাশাপাশি ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের এ উদ্যোগ রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে, তা নির্ভর করবে কৃষি উপকরণের যথাযথ ব্যবহার ও মাঠপর্যায়ে কৃষকদের সহায়তার ওপর। কৃষকদের প্রত্যাশা, এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
