আব্দুল্লাহিল শাহীন , তারাগঞ্জ (রংপুর)গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ)
আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সংসদ সদস্যের নিজ অর্থায়নে পরিচালিত এ ক্যাম্পে প্রতি শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুস্থ, অসহায় ও গরিব রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।
বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন,মানুষ মানুষের জন্য।
মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের বিষয়।
আমি ইতিপূর্বে বদরগঞ্জে একটি ক্যাম্প চালু করেছি। আজ তারাগঞ্জবাসীর জন্যও এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য তারাগঞ্জে নিখোঁজ হয়ে হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের অনন্তপুর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
