রাকিবুল ইসলাম
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় শ্রী বেনু চন্দ্র শীলের (পিতা-মৃত পূর্ণ চন্দ্র শীল) একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভবানীপুর গ্রামের শ্রী মানিক চন্দ্র শীল (৪৩), দেবীপুর সেনপাড়া গ্রামের শ্রী মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া গ্রামের মো. বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা গ্রামের মো. তৈয়ব আলী (৪৮)। তাঁরা সবাই নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
