ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়া কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষার্থীদের অগ্রগতি জানতে অভিভাবক সমাবেশ

Mahamudul Hasan Babu
November 12, 2026 4:30 pm
Link Copied!

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে রংপুরের কাউনিয়া কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।

সমাবেশে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহমেদ, সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিচালনা পর্ষদের সদস্য সরকার আবু ফেরদৌস মো. মহসীন (হীরা), সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, অভিভাবক মাহাবুব আলম ও সতীশ চন্দ্র। এ সময় শিক্ষার্থী শাকিব হাসান সীমান্ত, রাফিয়া রায়হানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কলেজে যাওয়ার কথা বলে কোনো শিক্ষার্থী যেন অন্য কোথাও সময় নষ্ট না করে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, সন্তানদের দৈনন্দিন কার্যক্রম, বন্ধুবান্ধব, চলাফেরা ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। প্রয়োজনে কলেজে এসে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সন্তানের শিক্ষার অগ্রগতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের অনুপস্থিতি কিংবা পড়াশোনায় অমনোযোগিতার বিষয়টি অবহেলা না করে শুরুতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; সততা, শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের গুরুত্বপূর্ণ এ সময় যেন অযথা নষ্ট না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

তাঁদের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ, মানবিক ও আদর্শ নাগরিক তৈরি করা। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে পড়াশোনার মানোন্নয়ন এবং আসন্ন নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।