মোঃ নাজিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য কাটছাঁট করে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন গাজীপুর জেলাধীন শ্রীপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বেপারী। একই সঙ্গে নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আজ বিকালে তিনি শ্রীপুর উপজেলাধীন বেড়াইদের চলা গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আনোয়ার বেপারী দাবি করেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পুরনো বক্তব্য বর্তমানে শ্রমিক অসন্তোষ ও শ্রমিক আন্দোলনের ভিডিওর সঙ্গে জুড়ে দিয়ে গন মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো ও অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়েছে এবং মুলফটক ভাংচুর করেছে। আনোয়ার হোসেন বেপারীর দাবি, তার বাড়িতে হামলা এবং ভাংচুরের দায় স্বীকার করে সংশ্লিষ্ট নিষিদ্ধ সংগঠনের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও দিয়েছে। বাড়িতে হামলা ভাঙচুর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছাড়ানোর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।
