মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি :সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে চলতি বছরের এসএসসি পরীক্ষা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করার পরও পরীক্ষায় বসতে পারল না ছোট উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তহিদুর।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে তহিদুর ও তার পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী তহিদুর ইসলাম জানায়, সে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অত্যন্ত ভালো ফলাফল করে আসছে এবং তার শ্রেণীর প্রথম স্থান অধিকারী। দীর্ঘ এক বছরের প্রস্তুতি শেষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকলেও প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় সে পরীক্ষায় বসতে পারেনি।
তহিদুরের অভিযোগ, গত ২০ এপ্রিল সে বিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে তাকে জানানো হয় নামের ভুলের কারণে কিছু সময় লাগবে এবং পরদিন সকালে পরীক্ষার আগে তাকে এডমিট কার্ড দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ে প্রধান শিক্ষককে না পেয়ে এবং বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় সে পরীক্ষা দিতে ব্যর্থ হয়।
প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তহিদুরের পরিবার জানায়, যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন বন্ধ রাখেন এবং পরবর্তীতে কথা বলার সময় ভয়ভীতি ও দুর্ব্যবহার করেন।
তহিদুরের বাবা রেজাউল করিম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমি দিনমজুরি করে ছেলের পড়ালেখার খরচ চালাইছি। ফরম ফিলাপের জন্য দুই হাজার দুইশত টাকা আর রেজিস্ট্রেশন ফি ৫শত টাকা দিছি। আমার ছেলে ক্লাসে সব সময় ফাষ্ট হয়। তারে নিয়ে আমার অনেক স্বপ্ন। এইভাবে যদি পরীক্ষা দিতে না পারে, তাহলে আমার ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, ১৭ এপ্রিল সকল প্রধান শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পরীক্ষার্থীদের কোনো সমস্যা আছে কি না তা জানতে চাওয়া হয়। কিন্তু তখন কোনো বিদ্যালয় থেকে এ ধরনের সমস্যার কথা জানানো হয়নি। তিনি বলেন,
“এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষায় এমন অব্যবস্থাপনা শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন, যাতে তহিদুরের মতো কোনো শিক্ষার্থী ভবিষ্যতে এ ধরনের অবহেলার শিকার না হয়।
পরীক্ষার্থী তহিদুর ইসলাম ও তার পরিবার সকলে মিলে উপজেলায় মূল ফলকে অসহায়ের মত বসে অবস্থান করছেন,কারণ একটায় তহিদুর ও তহিদুরের পরিবারের দাবি আমার সন্তানের এখন কি হবে ? এই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
