সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে রোববার (২৬ এপ্রিল) দুপুরে কয়েক ঘণ্টার জন্য জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগে অচলাবস্থা সৃষ্টি হয়। বেলা ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা নওগাঁর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় বিকেল ৩টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, রোববার সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পূর্বনির্ধারিত চলাচল-সংক্রান্ত নিয়ম অমান্য, যাত্রী তোলা এবং ভাড়া আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এতে নওগাঁ-নিয়ামতপুর, নওগাঁ-মান্দা, নওগাঁ-সাপাহার, নওগাঁ-ধামইরহাটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বাসস্ট্যান্ড ও সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।
সিরাজগঞ্জ থেকে নওগাঁর মান্দা উপজেলায় আসা যাত্রী মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে পরিবহন বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছি। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কোনো যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়তে হয়েছে।
নিয়ামতপুর থেকে আদালতের কাজে নওগাঁ শহরে আসা যাত্রী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জরুরি কাজ শেষে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে এসে দেখি সব ধরনের যান চলাচল বন্ধ। এতে সময় নষ্টের পাশাপাশি চরম অনিশ্চয়তায় পড়তে হয়েছে।
পরিবহন শ্রমিকদের একাধিক সূত্র জানায়, সকালেই দুই পক্ষের মধ্যে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জের ধরেই উভয় পক্ষ পরিবহন চলাচল বন্ধ রাখে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন, সকালে সিএনজি ও বাস শ্রমিকদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে তা মীমাংসার চেষ্টা করা হলেও পুনরায় উত্তেজনা তৈরি হলে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়।
নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে সড়কে যাত্রী ওঠানো ও চলাচল ঘিরে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। রোববারের ঘটনাও সেই বিরোধেরই বহিঃপ্রকাশ। আমরা এটার স্থায়ী সমাধান চাই এবং নির্বিঘ্নে বাঁধার সম্মুখীন না হয়ে সব জায়গায় যাত্রী ওঠা নামাতে আমরা করতে পারি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এটাই আমাদের প্রত্যাশা।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পরে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের বর্তমান প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু উভয় পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। তাঁর মধ্যস্থতায় বিকেল ৩টার পর থেকে ধীরে ধীরে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা বলছেন, নওগাঁ শহরে যাত্রী পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অসামঞ্জস্য ও সমন্বয়হীনতার কারণে এমন পরিস্থিতি প্রায়ই তৈরি হয়। যাত্রীসেবার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।
