ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 28, 2026 2:09 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’-এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (উপজেলা পর্যায়)। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,“মাননীয় ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব আলী হোসেন ফকির স্যারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এই কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে। পুলিশ ও জনতার সুদৃঢ় মেলবন্ধনের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করাই এর মূল লক্ষ্য।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজ যেন মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো ভয়াল গ্রাসে নিমজ্জিত না হয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার-‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা,তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের পেশাদারত্ব ও অর্থনৈতিক সুরক্ষার সুযোগ তৈরি হচ্ছে।

কাবাডি জাতীয় দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ টাকা করে সম্মানী পাবেন। আমি আশাবাদী, এই মহম্মদপুর থেকেই এমন দক্ষ খেলোয়াড় উঠে আসবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় দলে মাগুরার সুনাম উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা। তিনি বলেন,পুলিশ প্রতিনিয়ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকে। পুলিশি সেবাকে আরও জনমুখী ও জনগণের কাছাকাছি নিয়ে যেতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, সার্কেল সহকারী পুলিশ সুপার নাহিয়ান, কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানার সদস্য সচিব,আকতারুজ্জামান এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হিরো, প্রধান শিক্ষক রিয়াজুর রহমান রিয়াজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মাঠে নেমে উভয় দলের বালিকা ও বালক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালিকা ও বালক-উভয় বিভাগে রাজাপুর ইউনিয়ন ও নোহাটা ইউনিয়নের দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা ঘিরে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

এদিকে, যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার মানসিকতায় ফিরিয়ে আনার প্রত্যয়ে এ বিশেষ আয়োজনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে প্রেসক্লাব মহম্মদপুর। উদ্বোধনী ম্যাচের বালিকা ও বালক
-উভয় বিভাগের সেরা দুই খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রেসক্লাব মহম্মদপুরের নেতৃবৃন্দ।

ডেকোরেশন ও খেলাধুলার উৎসবমুখর পরিবেশে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানান প্রেসক্লাব মহম্মদপুরের নেতৃবৃন্দ।